ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দুর্নীতিবাজ পিআইও কর্মকর্তা নূরনবী সরকারকে গ্রেফতার ও ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে চাকরি করলেও নূরনবী সরকার নিজেই এখন এক চলমান দুর্যোগ। সরকারি দপ্তরে বসে মাদকসেবন, লাগামহীন দুর্নীতি, ভুয়া ভাউচার তৈরি এবং প্রকল্প বাস্তবায়ন না করেই সরকারি টাকা উত্তোলনসহ তার বিরুদ্ধে অসংখ্য সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এতো অভিযোগের পাহাড় থাকার পরেও সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। উল্টো মামুনুর রশীদ মামুন তার দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে প্রতিবাদ করায় তাকে একটি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। মামুনুর রশীদ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারীর যোদ্ধা। আজ জুলাই বিপ্লবের যোদ্ধাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।”
তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আরও বলেন, “আমরা লক্ষ্য করছি গতকাল কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরকে মব জাস্টিসের নামে পিটিয়ে হত্যা করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অথচ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে দ্রুত জেলে যেতে হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্নীতিবাজ কর্মকর্তা নূরনবী সরকারকে রানীশংকৈল উপজেলা থেকে প্রত্যাহার করে বিচারের আওতায় আনতে হবে। একইসাথে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রনেতা মামুনুর রশীদ মামুনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় ছাত্র অধিকার পরিষদ ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হাসিব মল্লিকের সভাপতিত্বে এবং উত্তরের সাধারণ সম্পাদক নাহিদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী ত্বোহা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ বিপুসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ
https://slotbet.online/