‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-নিরাপদ বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক আবু সাঈদ-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “এই সমাজে মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সম্পর্কে গোপন তথ্য পুলিশকে দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং তরুণ সমাজকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে পিরোজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
https://slotbet.online/