পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকির সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. শহিউদ্দিন শেখের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানটি পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ওয়েলকাম বাস কাউন্টারের সামনে সড়কে পরিচালিত হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লা (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলের হাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আলতাফ মোল্লার ছেলে এবং মাহারুন নেছার সন্তান।
পুলিশ জানায়, জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকি বলেন, “মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”
তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
https://slotbet.online/