মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের নেতা ও ঠিকাদার মো. সেলিম সরকারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল-সমাবেশে অর্থায়ন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে দেবিদ্বার পৌরসভার উত্তরপাড়া সরকার বাড়ির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর শনিবার (২১ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সেলিম সরকার উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকারের (মতিন মেম্বার) ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য এবং সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর বেলা সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আতাপুর বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। ওই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম অভিযুক্ত সেলিম সরকার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল আয়োজন, অর্থ জোগান এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সেলিম সরকারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
https://slotbet.online/