শাহাদাত কামাল শাকিল: কুমিল্লার সাংবাদিক আবুল কালাম মজুমদার (৫১) এর ব্যক্তিগত মোবাইল ফোন, ফেসবুক, গুগল এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে একটি প্রতারক চক্র পরিচিতজনদের কাছ থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজারের জোলেখা মার্কেটের নিজ অফিসে অবস্থানকালে অজ্ঞাতনামা সাইবার অপরাধী চক্রটি তার ব্যবহৃত ডিজিটাল অ্যাকাউন্ট ও ফোনগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করে।
হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্ট ও নম্বরগুলোর মধ্যে রয়েছে ‘আবুল কালাম মজুমদার’ নামের ফেসবুক আইডি, ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট এবং তিনটি ইমেইল আইডি, তিনটি ফোন, পাশাপাশি দুটি হোয়াটসঅ্যাপ ও বিকাশ অ্যাকাউন্ট।
সাংবাদিক আবুল কালাম মজুমদার জানিয়েছেন, হ্যাক হওয়া ফোনের মেমোরিতে প্রায় *১০ হাজার পরিচিত ও অপরিচিত নম্বর* সংরক্ষিত ছিল। এ সূত্র ধরে প্রতারক চক্রটি তার নাম, পরিচয় ও সামাজিক অবস্থান ব্যবহার করে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে টাকা দাবি করছে। এমনকি কিছু ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবার থেকে সতর্কতামূলক পোস্ট দেওয়া সত্ত্বেও ইতোমধ্যে অনেকের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রতারক চক্রটি প্রায় *১৫ থেকে ২০টি নম্বর* ব্যবহার করে প্রতারণা চালাচ্ছে। এর মধ্যে 01610287352, 01351136216 এবং 01612692575 নম্বরসহ আরও কয়েকটি নম্বর থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
এদিকে ঘটনার সূত্রপাত প্রসঙ্গে সাংবাদিক আবুল কালাম মজুমদার জানান, হ্যাকিংয়ের আগে তিনি একটি পণ্য বিক্রির বিষয়ে ঢাকা মহানগরের বাড্ডা এলাকার বাসিন্দা ও জাতীয় পার্টির নেতা পরিচয় দেওয়া মো. জহির নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে হ্যাকিংয়ের পর তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আবুল কালাম মজুমদার মৃত আলী আহম্মেদ মজুমদারের ছেলে, কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার এলাকার জোলেখা মার্কেটের ২২ নম্বরে অবস্থান করছেন। অ্যাকাউন্টগুলো পুনরুদ্ধারের চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে না পারায় এবং প্রতারণা ও হুমকি অব্যাহত থাকায় তিনি আইনি সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সাংবাদিক আবুল কালাম মজুমদার দীর্ঘদিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাভাবিক চলাচলে অক্ষম। গত ৩১ জানুয়ারি ২০২১ ইংরেজি তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।
অভিযোগটি সদর দক্ষিণ মডেল থানার *এসআই নজরুল ইসলামের* দায়িত্বে তদন্তাধীন রয়েছে। তিনি জানিয়েছেন, দ্রুত আসামিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
https://slotbet.online/