মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): কুমিল্লার দেবিদ্বারে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে দেবিদ্বার নিউমার্কেট এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পান বাজার, সবজি বাজার ও ফল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানকালে জনসাধারণের ব্যবহারের জন্য স্থাপিত টিউবওয়েল ঘিরে ফলের দোকান বসানোর দায়ে দুই ব্যবসায়ী সুজন ও নজরুলকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সড়ক দখলের দায়ে আরও দুটি প্রতিষ্ঠানসহ মোট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন জানান, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা ও যানজট নিরসনে সড়ক-ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এর আগেও উচ্ছেদ অভিযান চালানো হলেও ব্যবসায়ীরা পুনরায় সড়ক দখল করেন। ভবিষ্যতে কেউ সড়ক ও ফুটপাত দখল করলে জরিমানা ও কারাদণ্ডসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
https://slotbet.online/