আবু বক্কর সিদ্দিক স্বপন: নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আছিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা ১২ কুদাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া ঝিনাইদহ সদর উপজেলার ১ নম্বর সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাজমিস্ত্রি সজিবের মেয়ে। সজিব কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা ১২ কুদাল গ্রামের প্রবাসী সামসুলের মেয়েকে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে আছিয়ার মা তার বাবার বাড়ি ধোপাবিলায় বেড়াতে আসেন। বুধবার সকালে তিনি বাড়ির টিউবওয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আছিয়া খেলতে খেলতে মায়ের কাছ থেকে কিছুটা দূরে চলে যায়।
কাজ শেষ করে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন আছিয়ার মা। প্রায় ৩০ মিনিট পর বাড়ির সামনের একটি পানিভর্তি গর্তে কিছু একটা ভাসতে দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, শিশু আছিয়া পানিতে ভাসছে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই বছরের শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে বাড়ির আশপাশে পুকুর, ডোবা, খাল কিংবা অন্য কোনো জলাশয় থাকলে ছোট শিশুদের এক মুহূর্তের জন্যও নজরদারির বাইরে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
https://slotbet.online/