আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে সফলভাবে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ তাজুল ইসলাম। গত ১৩ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হয়।
তাঁর গবেষণার বিষয় ছিল “বাংলাদেশে মান্ধাতা আমলের ফৌজদারী বিচার ব্যবস্থা: বিকল্পের সন্ধানে” (Archaic Quandary of Criminal Justice System in Bangladesh: Quest for the Alternative)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপকের তত্ত্বাবধানে পরিচালিত এই গবেষণায় ২০০ বছরের পুরোনো ব্রিটিশ আমলের ফৌজদারি আইনকে সময়োপযোগী করে দ্রুত মামলা নিষ্পত্তির উপায় ও আন্তর্জাতিক বেস্ট প্র্যাকটিসের আলোকে আমূল সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়েছে। গবেষণার মৌখিক পরীক্ষায় (ভিভা-ভোসি) দেশি-বিদেশি গবেষকরা তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন।
বর্তমানে মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত ড. মোঃ তাজুল ইসলাম ৩য় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বিচার বিভাগে যোগ দেন। ইতোপূর্বে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ থাকাকালে ২০২২ সালে এক বছরে রেকর্ড ৫৫টি হত্যা মামলা নিষ্পত্তি করে দেশজুড়ে প্রশংসিত হন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করা এই বিচারকের ‘সাংবিধানিক আইনের সহজপাঠ’সহ তিনটি বই প্রকাশিত হয়েছে, যার মধ্যে শিশু আইনবিষয়ক একটি গবেষণা গ্রন্থ ৯টি ভাষায় অনূদিত হয়েছে।
https://slotbet.online/