মুসলিম হক, বিরল ( দিনাজপুর) দিনাজপুরের বিরলে রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক-কর্মচারীদের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও হয়রানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিক্ষা অঙ্গন। এর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে প্রায় ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচি চলাকালে বিরল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর জামান মিলনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সভাপতি কাজী আব্দুর রহিম, জেলা শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী সমিতির সভাপতি ইসাহাক আলী, সাধারণ সম্পাদক রশিদ, শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি আজিজার রহমান, বোচাগঞ্জ উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মাজেদুর রহমান পাপ্পু এবং মাদ্রাসা শিক্ষক সমিতির সদর উপজেলা সভাপতি জামিলুর রহমান ও সাধারণ সম্পাদক মুনছেফ আলীসহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৩ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে সভাপতি ও শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলা চালানো শিক্ষাঙ্গনের জন্য একটি কালঙ্কজনক অধ্যায়। অনতিবিলম্বে এ ঘটনায় জড়িত সকল সন্ত্রাসী ও আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে শিক্ষক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপি বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলামের নিকট হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি সুলতান চৌধুরীর আগমন ও বরণ অনুষ্ঠান চলাকালে বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালায়। এতে নতুন সভাপতি সুলতান চৌধুরী গুরুতর আহত হলে প্রথমে তাকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দীন বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জন অজ্ঞাতনামাকে আসামী করে বিরল থানায় একটি মামলা (মামলা নং-০২, তারিখ: ০৪/০৯/২০২৬ খ্রিঃ) দায়ের করেছেন।
https://slotbet.online/