নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে মধ্যরাতে একাধিক বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল সংঘবদ্ধভাবে একই সময়ে গ্রামের ছয়টি বাড়িতে হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
হামলার শিকার পরিবারগুলোর সদস্যরা জানান, দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নারী, শিশুসহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তাদের হাত-পা বেঁধে ফেলা হয় এবং পিস্তল ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়। বাধা দেওয়ার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরে দুর্বৃত্তরা আলমারি ও লকার ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। একই কায়দায় পরপর ছয়টি বাড়িতে লুটপাট চালিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার পরিবারের মধ্যে রয়েছেন তনজব আলীর ছেলে হোসেন মিয়া, সিদ্দিকুর রহমান, বজলু মিয়ার ছেলে নছর মিয়া, দানেশ মিয়ার ছেলে খায়ের মিয়া, আজগর আলীর ছেলে আবুল কাশেম ও মাতবর আলীর ছেলে উজ্জল মিয়া।
ভুক্তভোগীদের দাবি, ছয়টি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম বলেন, “মধ্যরাতে ওই গ্রামে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে শুনেছি। এখন পর্যন্ত কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তবে ভুক্তভোগী পরিবারগুলো মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। সংঘবদ্ধভাবে একসঙ্গে ছয়টি বাড়িতে হামলা ও লুটের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
https://slotbet.online/