এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৬টা ২০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন তীরনই নদী ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ১. মো. আলিমদ্দীন (৪৫) পিতা মৃত ঝরুয়া মোহাম্মদ ২. মো. দর্শন আলী (৪০) পিতা সুবাহান আলী। আটককৃতরা বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশ বাড়ী ( সরকার বস্তি) এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি মোটরসাইকেলে তিন আরোহীকে দেখে থামার সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে আটক ব্যক্তিদের কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গী ও আশপাশের এলাকায় অবৈধভাবে ইয়াবা এনে বিক্রি করে আসছিলেন।
বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
https://slotbet.online/