মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দুপুরে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার বাগুর স্টেশন এলাকায় অপহরণের সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দইয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি চান্দিনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার খোশকান্দি গ্রামের আবুল কালামের ছেলে আমির হামজা, একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন মিয়ার ছেলে মাসুদ রানা, মুরাদনগর উপজেলার দইয়ার গ্রামের আবুল বাসারের ছেলে জুয়েল রানা, একই গ্রামের ইউনুস মুন্সির ছেলে ইউসুফ এবং দেবিদ্বার উপজেলার গাঙ্গচর গ্রামের সুরুজ মিয়ার ছেলে তানভীর আহামেদ।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বিল্লালের বাড়িতে হামলা এবং তার বাবা-মা ও ভাইকে মারধরের ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার জের ধরেই শুক্রবার রাতে বাগুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী মহাসড়ক থেকে বিল্লালকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করেন। একপর্যায়ে বিল্লাল আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে ‘মোবাইল চোর’ বলে চিৎকার শুরু করে। স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক মনে করে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আরও ৭-৮ জন জড়িত থাকলেও তারা পালিয়ে যায়।
ভুক্তভোগী বিল্লাল হোসেন অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হচ্ছিল। তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিল্লালের পরিবারের দাবি, বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউনুস ও বর্তমান সদস্য আক্তার হোসেনের নেতৃত্বে পূর্বে তাদের বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই বিল্লালকে হত্যার উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করা হচ্ছে। এছাড়া শুক্রবার রাতে তাদের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে মাছও মেরে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ভুক্তভোগী বিল্লাল হোসেনের দায়ের করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/