আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা, জেলা প্রতিনিধি: অপরাধ দমন, সাইবার নজরদারি জোরদার এবং মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, চুরি, ডাকাতি, মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও মব সহিংসতার বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করবে। এ লক্ষ্যে সোমবার থেকে পরবর্তী রোববার পর্যন্ত খুলনা রেঞ্জজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হবে। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও আইনবিরোধী কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোনো পুলিশ সদস্য মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলেও তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, পুলিশ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সমাজের অপরাধ দ্রুত শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। সাতক্ষীরার সাংবাদিকরা যাতে স্বাধীন ও বস্তুনিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারেন, পুলিশ সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।
নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ডিআইজি বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একই সঙ্গে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ ঘাট, মাদক পাচার, অনলাইন জুয়া, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সে সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল। এ ছাড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ লাইন্স স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের সঙ্গে পৃথক বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
https://slotbet.online/