ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেপরোয়া গতির একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত স্কুলশিশু আনাস (পিতা: আমির হোসেন) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী আনাস বাড়ির সামনের সড়কে দ্রুতগতির একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ৩ জুলাই রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ধাক্কার তীব্রতায় শিশুটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। তবে এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রোববার (৫ জুলাই) আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারের উদ্যোগে বিদ্যালয়ের সকালের সমাবেশে আনাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি সভাপতি মো. খলিলুর রহমান খলিল পৃথক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘নবীনগর-আলমনগর সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে অটোরিকশা চলাচল করছে। এর আগে একই সড়কে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকাবাসী মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। পাশাপাশি দিনের বেলায় অভ্যন্তরীণ সড়কে মালবাহী যান চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।’
অভিভাবক প্রতিনিধি সভাপতি মো. খলিলুর রহমান খলিল বলেন, ‘আলমনগর দক্ষিণপাড়া অটোস্ট্যান্ড থেকে বিদ্যালয় পর্যন্ত সড়কের পাশে যেসব স্থানে মাটি উঠে এসে রাস্তা সংকুচিত হয়েছে, সেগুলো পরিষ্কার করে সড়ক প্রশস্ত করতে স্থানীয়দের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া বিদ্যালয়ের সামনে নিজ অর্থায়নে দুটি স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।’
এ ঘটনায় স্থানীয়রা সড়কটিতে নিয়মিত তদারকি, বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
https://slotbet.online/