ঝিনাইদহ পৌরসভায় নির্মিত অত্যাধুনিক কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কসাইখানার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা-সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করলে মাংসের গুণগত মান বজায় থাকে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝিনাইদহের মানুষের জন্য এই আধুনিক কসাইখানা একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জাতীয় বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনকল্যাণমুখী বাজেট উপহার দিয়েছে। তিনি বলেন, আগে বাজেট ঘোষণার পর ‘গরিব মারার বাজেট’ বলে মিছিল হতো, আর এখন মিছিল হচ্ছে— ‘সিগারেটের দাম বাড়ল কেন, মদের দাম বাড়ল কেন?’
মন্ত্রী আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও অনিয়ম বা গাফিলতি চোখে পড়লে সরাসরি তাকে এসএমএসের মাধ্যমে জানানোর আহ্বান জানান তিনি।
প্রকল্প সূত্রে জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের আওতায় ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। এখানে গরু ও ছাগল জবাইয়ের জন্য পৃথক দুটি আধুনিক স্লটার লাইন স্থাপন করা হয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল স্বাস্থ্যসম্মতভাবে জবাই ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে।
https://slotbet.online/