ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে কোদাল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জোহরা আক্তার (৪০) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। গত ২৮ এপ্রিল বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশের শ্যালো মেশিনের কাছে গোসল করার সময় একা পেয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।
পরিবারের দাবি, অভিযুক্ত শহিদুল ইসলাম কোদাল দিয়ে জোহরার মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। এতে মাথার একাধিক স্থানে গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে যশোর হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ মে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী ফারুক মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ চলছিল এবং এর আগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, পরিকল্পিতভাবেই সুযোগ বুঝে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। তিনি আরও জানান, প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম ও তার স্ত্রী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বামী ও দুই শিশুসন্তানের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
https://slotbet.online/