মো, শামীম হোসাইন: পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনকারী একটি ট্রলার ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা এখনও নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে যাচ্ছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাটসংলগ্ন কালিগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টার দিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর।
জানা গেছে, সোমবার রাতে শ্রীরামকাঠী-ভরতকাঠী খেয়াঘাট এলাকা থেকে অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালিগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয় এবং তার মা নিখোঁজ হন। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ নারীকে উদ্ধারে তৎপরতা শুরু হয়।
মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর উদ্ধার অভিযানের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি দুর্ঘটনাস্থলের পরিস্থিতি ও চলমান উদ্ধার কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নাজিরপুর থানা পুলিশের একটি দল।
এদিকে নিখোঁজ নারীকে উদ্ধারে কালিগঙ্গা নদীতে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
https://slotbet.online/