এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার : ধর্ষণের ভুয়া ও ভিত্তিহীন মামলা দায়ের করে এক ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্রে উল্টো ফাঁদে পড়েছেন মামলার বাদী নিজেই। তদন্তে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হওয়ায় মোছা. লাবলী আক্তার (২৮) নামের ওই নারী এখন আদালতের নির্দেশে ঠাঁই পেয়েছেন ঠাকুরগাঁও জেলা কারাগারে। বিশ্লেষকদের মতে, আইনের অপব্যবহার রোধে এই রায় সমাজে এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে, যার ফলে ভবিষ্যতে কেউ ভিত্তিহীন মিথ্যা মামলা দিয়ে আইনকে ঢাল বানাতে ভয় পাবে।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এই আদেশ দেন। বাদী লাবলী আক্তার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রমতে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের মোছা. লাবলী আক্তার একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা (মামলা নং- ৯৩/২০২৫) দায়ের করেন। এজাহারে তিনি দাবি করেন, ২০২৫ সালের ১৪ মার্চ সাদ্দাম হোসেন তাকে স্থানীয় এক ব্যক্তির ভুট্টাখেতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার তদন্তভার পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাঠে নামে। কিন্তু তদন্ত শেষে পুলিশের পক্ষ থেকে আদালতে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে ধর্ষণের কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে এবং একটি বিশেষ কুচক্রী মহলের প্ররোচনায় সাদ্দাম হোসেনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই পুরো ধর্ষণের ঘটনাটি সাজানো হয়েছিল।
পুলিশের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বাদী লাবলী আক্তার আদালতে নারাজি আবেদন জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ট্রাইব্যুনাল মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই, ঠাকুরগাঁও)। কিন্তু পিবিআই-এর নিরপেক্ষ ও অধিকতর তদন্তেও মামলাটির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। সংস্থাটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করে যে, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করা ধর্ষণের অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক।
পিবিআই-এর তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল সাদ্দাম হোসেনকে মামলা থেকে অব্যাহতি (খালাস) দেন। একই সঙ্গে মিথ্যা ও সাজানো মামলা করে আইনের অপব্যবহার করায় বাদী লাবলী আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭(১) ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
পরোয়ানার বিষয়টি জানতে পেরে রোববার ঠাকুরগাঁও ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আকুতি জানান লাবলী আক্তার। তবে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে প্রকৃত ভুক্তভোগীরা যেমন সঠিক বিচার পাবেন, তেমনই আইনের সুযোগ নিয়ে নিরীহ মানুষকে হয়রানি করার প্রবণতা অনেকাংশে কমে আসবে।
https://slotbet.online/