এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক এলাকায় ‘সৌহার্দ্য ফার্মেসি’ নামের একটি ওষুধ বিক্রয়কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে দোকানের সাটারের তালা ভেঙে প্রায় ১৭ লাখ টাকার দেশি-বিদেশি মূল্যবান ওষুধ এবং ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল সংগঠিত চোর।
সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা যায়, নৈশকালীন সময়ে চোরেরা তালা ভেঙে ভেতরে ঢোকে এবং বিভিন্ন কোম্পানির দামি ওষুধ বস্তাবন্দি করে। পরে মালামালগুলো একটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত চম্পট দেয়।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাড়ি চলে যান। পরদিন শুক্রবার সকালে দোকান খুলতে এসে তারা টিনের সাটার ও এঙ্গেল ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে তাকগুলো খালি—দামি সব ওষুধ গায়েব। পরে চুরির বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী ও ওষুধ বিক্রেতাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। শহরের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ ঘটনায় ২৬ শে সেপ্টেম্বর শনিবার ফার্মেসির মালিক কল্যাণ দেবনাথ জয় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, “ফার্মেসিতে চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনায় তদন্ত কর্মকর্তা পুলিশি অভিযান জোরদার করেছেন। আশা করছি, খুব দ্রুতই চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
https://slotbet.online/