মোঃ কামরুল হাসান লিটন, স্টাফ রিপোর্টার, (ময়মনসিংহ): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) বিমান শাখার ইতিহাসে প্রথম নারী ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে র্যাংক অর্জন করেছেন গৌরীপুরের তাসমীম রশিদ অপর্ণা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭৯ সাল থেকে বিএনসিসির কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির বিএনসিসিতে ২৬ জন সিইউও দায়িত্ব পালন করেছেন। তাদের সবাই ছিলেন পুরুষ। ২৭তম সিইউও হিসেবে প্রথমবারের মতো কোনো নারী ক্যাডেট এ পদে অধিষ্ঠিত হলেন। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানের মাধ্যমে অপর্ণা সিইউও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বক্তব্য দেন। অনুষ্ঠানে বিএনসিসির প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) অধ্যাপক বিমল কুমার প্রামাণিক (ফ্লাইট ইনচার্জ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের অধ্যাপক আব্দুল মালেক, মো. মিজানুর রহমান শাহরুখ, বর্তমান সিইউও মো. নাছিম উদ্দিন এবং অপর্ণার মা মাহমুদা আক্তার রিপাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএনসিসি ক্যাডেটদের বিভিন্ন স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
তাসমীম রশিদ অপর্ণা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী। তিনি গৌরীপুরের জাগরণী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি এবং গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করেন। ছবি আঁকা তার অন্যতম শখ।
অপর্ণা গৌরীপুর পৌর শহরের মধ্যবাজারের ব্যবসায়ী মো. হারুন অর রশিদ ও দি চাইল্ড ব্লোজম কিন্ডার গার্টেনের শিক্ষক মাহমুদা আক্তার রিপার মেয়ে।
বিএনসিসিতে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অপর্ণার অংশগ্রহণ রয়েছে। তার পরিবার ও স্থানীয় স্বজনেরা তার এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন।
র্যাংক অর্জনের পর অপর্ণাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন গৌরীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসির সংশ্লিষ্ট ক্যাডেটদেরও অভিনন্দন জানানো হয়েছে।
https://slotbet.online/