মুসলিম হক বিরল (দিনাজপুর): দিনাজপুরের বিরল বাজারে বিশেষ অভিযান চালিয়ে সায়েম ট্রেডার্স নামের একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠানের গোডাউন থেকে ২৭১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা এবং গোডাউনটি সিলগালা করা হয়েছে।
গত কাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিরল বাজারের সায়েম ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম।
জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সায়েম ট্রেডার্সের গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ২৭১ বস্তা সার পাওয়া যায়। তবে এসব সারের বৈধ কাগজপত্র ও সন্তোষজনক উৎস দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. রেজাউল ইসলাম ২৭১ বস্তা সার জব্দের নির্দেশ দেন। পাশাপাশি অবৈধভাবে সার মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোডাউনটি সম্পূর্ণভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযান চলাকালে ইউএনওর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, কৃষকদের অধিকার রক্ষা এবং সারের বাজারে যেকোনো ধরনের কৃত্রিম সংকট ও কালোবাজারি রোধে উপজেলা প্রশাসনের তদারকি ও অভিযান নিয়মিত চলবে। সার নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অবৈধ মজুত বরদাশত করা হবে না।
https://slotbet.online/