মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের সদস্য বিপ্লব হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।
দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে এসআই ফিরোজ আহাম্মেদ, এসআই তানভীর হাসানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বিপ্লবকে নিয়ে দেবিদ্বার থানায় পৌঁছায় পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জরুরি প্রয়োজনে ব্র্যাক ব্যাংক থেকে ৭ লাখ টাকা ঋণ নিয়েছিলেন দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের মো. জাকির হোসেন। গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি দেবিদ্বার পূবালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে দুই নারী স্বজনের সঙ্গে ব্যাংকের সোফায় বসে টাকা গুনছিলেন। এ সময় পেছন থেকে কৌশলে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বিপ্লব।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় মামলা করেন।
মামলার তদন্তে পুলিশ ব্যাংকের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে ঝিনাইদহে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, ঋণের টাকা থেকে ৪ লাখ টাকা চুরি হয়ে যাওয়ায় তিনি বিপাকে পড়েছিলেন। পুলিশ চোরকে ১ লাখ ৬১ হাজার টাকাসহ গ্রেপ্তার করায় তিনি স্বস্তি প্রকাশ করেন এবং বাকি টাকা উদ্ধারের আশা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার পর থেকেই পুলিশ চোর শনাক্ত ও টাকা উদ্ধারে কাজ শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বিপ্লবকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।
https://slotbet.online/