আবু বক্কর সিদ্দিক স্বপন: দীর্ঘদিন ম্যানেজিং কমিটি না থাকায় বিগত সরকারের সময়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়টি নানা দিক থেকে উন্নয়নবঞ্চিত ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, ওই সময়ে বিদ্যালয়ের অবকাঠামো, খেলার মাঠ ও শিক্ষার পরিবেশের উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
দীর্ঘদিন পর বিদ্যালয়টিতে অ্যাডহক কমিটি অনুমোদন হওয়ায় এখন প্রতিষ্ঠানটির উন্নয়নে নতুন করে আশার সঞ্চার হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন অ্যাডহক কমিটির সদস্যদের সঙ্গে স্থানীয় অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সুধীজনদের মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।
সভায় বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতি যথাযথ নজর দেওয়া হয়নি। দীর্ঘদিন বিদ্যালয়ে কার্যকর ম্যানেজিং কমিটি না থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের ভবন, খেলার মাঠসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা থাকলেও সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শুধু পাঠদানই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের জন্য ভালো শ্রেণিকক্ষ, নিরাপদ ও সুন্দর পরিবেশ, খেলার মাঠ এবং প্রয়োজনীয় অবকাঠামোও জরুরি। কিন্তু এসব ক্ষেত্রে মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে।
সভায় নতুন অ্যাডহক কমিটির কাছে বিদ্যালয়ের ভবনের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন, খেলার মাঠ সংস্কার এবং শিক্ষার মানোন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যালয়ের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের দাবি জানান অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
মতবিনিময় সভায় ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আসিফ ইকবাল কাজল, এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন মুনসারিন সাহিব, মেহেদী মুনসারিন, কৃষক দলের ইউনিয়ন সভাপতি সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক ছাত্র গোলাম মর্তূজা জুয়েল ও প্রাক্তন ছাত্র ফারুকসহ স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ৩১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছয় মাসের জন্য চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয়। কমিটির সভাপতি করা হয়েছে সাহানোয়ার সাইদ শাহীনকে। সাধারণ শিক্ষক সদস্য জালাল উদ্দীন, অভিভাবক সদস্য জুল-জালাল এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মাজিদ দায়িত্ব পালন করবেন।
নতুন অ্যাডহক কমিটিকে ছয় মাসের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদনের জন্য দাখিল করতে বলা হয়েছে।
স্থানীয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা আশা করছেন, নতুন কমিটির উদ্যোগে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে মুরুটিয়া বলরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশ এবং পাঠদানের মানে ইতিবাচক পরিবর্তন আসবে।
https://slotbet.online/