মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ জুলাই) উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলন করে আসছিল। এতে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আশপাশের জমি ভাঙনের ঝুঁকিও তৈরি হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনটি অবৈধ ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপলাইন বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ ড্রেজার ব্যবহার করে যারা ফসলি জমি ও পরিবেশের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযান ধারাবাহিকভাবে চলবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ড্রেজার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
https://slotbet.online/