পিরোজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা এবং টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার কদমতলা এলাকার মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল-আমিন শেখ (২৬) এবং তেজদাসকাটি এলাকার আলী হোসেন (৪০)।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, অভিযানের শুরুতে কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান এবং মো. আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় অভিযান চালায়।
এ সময় আলী হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে আলী হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
https://slotbet.online/