পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী নাজিরপুর কলেজের নাম পুনরায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে নামকরণের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন অনুমোদন অনুযায়ী, কলেজটির নাম হবে ‘শহিদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’।
সোমবার (২৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়।
নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত কলেজটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে এমপিওভুক্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান নাজিরপুরে এক রাজনৈতিক সমাবেশে যোগ দিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আবেদনের পর কলেজটির নাম পরিবর্তন করে ‘নাজিরপুর শহিদ জিয়া কলেজ’ রাখা হয়।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালের ২০ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে কলেজটির নাম থেকে ‘শহিদ জিয়া’ অংশটি বাদ দিয়ে ‘নাজিরপুর কলেজ’ নাম নির্ধারণ করা হয়।
কলেজটির নাম পুনর্বহাল প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর একসময় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান কলেজটি পুনরায় চালুর আশ্বাস দেন। সে সময়ই সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে কলেজটির নামকরণ করা হয়।
তিনি আরও বলেন, ২০১৫ সালে কলেজটির নাম পরিবর্তনের প্রতিবাদ করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের নাম পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অনুমোদনের মাধ্যমে কলেজটির পূর্বের নাম পুনর্বহাল হওয়ায় বিএনপির নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। এজন্য তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পর নাজিরপুরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একটি অংশ কলেজটির পূর্বের নাম ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন।
https://slotbet.online/