ভারতীয় পুশইনের নামে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানোর অপচেষ্টা এবং দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট।
শুক্রবার বিকেল ৫টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবুবকর। এছাড়া বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, কাজী ছগীর আহম্মেদ, ড. মনোয়ার হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমীর বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমীর আব্দুল হক মোল্লা এবং এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।
বক্তারা বলেন, পুশইনের নামে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক প্রবেশ করানোর অভিযোগ দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। তারা দাবি করেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে আরও কার্যকর, দায়িত্বশীল ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্ট এবং দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বলেন, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। বাংলাদেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
https://slotbet.online/