গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তাঁর স্ত্রী খাদিজা খাতুন ও তাদের ছয় বছর বয়সী ছেলে আরমান। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহীও নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ পাঁচজন নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে পাঠায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গোপালগঞ্জ থানা-পুলিশের বরাতে স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিশুপুত্র আরমানের মৃত্যুর বিষয়টি তখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এদিকে কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, নিহতদের বাড়ি তাঁর বাড়ির কাছেই। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ কখন বাড়িতে পৌঁছাবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
https://slotbet.online/