আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার ৩নং সাগান্না ইউনিয়নের সাগান্না গ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় স্থান পীরতলায় অবস্থিত একটি বটবৃক্ষ কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ২০ বছর বয়সী এই বিশাল বটগাছটি দীর্ঘদিন ধরে পীরতলা মাঠে দাঁড়িয়ে আছে এবং এলাকাবাসীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে বিবেচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে এই স্থানে ঈদগাহ ময়দান ছিল। বর্তমানে সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত না হয়ে সাগান্না সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। তবে পীরতলার এই বটবৃক্ষটি উক্ত মাদ্রাসার নামেই রেকর্ডভুক্ত রয়েছে।
সম্প্রতি হঠাৎ করে কিছু কাঠ ব্যবসায়ী গাছটি কাটার উদ্যোগ নিলে গ্রামের সাধারণ মানুষ বাধা দেন। এ সময় কাঠ ব্যবসায়ীরা দাবি করেন, মেম্বার রাজু আমাদের গাছ কাটার হুকুম দিয়েছেন, আপনারা কেন বাধা দিচ্ছেন? পরে স্থানীয় মেম্বার রাজু আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হলেও গ্রামবাসীর তীব্র প্রতিবাদের মুখে গাছ কাটা সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোনো নির্দেশ দিইনি। এটি একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, আমি এককভাবে এমন সিদ্ধান্ত দিতে পারি না।
অন্যদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে মেম্বারের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে সাংবাদিকরা মেম্বার রাজু আহমেদের কাছে গেলে তিনি বলেন, আপনারা নিউজ করেন, তবে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। নিউজ হোক, জেল-ফাঁস যেটা হওয়ার হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত একটি গাছ কীভাবে ব্যক্তিগত নির্দেশে কাটার উদ্যোগ নেওয়া হলো? বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। স্থানীয় জনগন নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ পত্রও লিখেছেন।
তবে, এ বিষয়ে ঝিনাইদহ উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান জানান, আমার এই বিষয়টি আগে জানতাম না, এখন জানলাম, তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/