পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যারা লুটপাট, দুর্নীতি, গুম ও হত্যার রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে—আমরা শুধু তাদের বিরুদ্ধেই কথা বলেছি এবং তাদের শাস্তি চাই।”
সোমবার ০৯ ফেব্রুয়ারি বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত তাঁর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, “আপনারা সবাই আগামী ১২ তারিখ সকাল ৭টার মধ্যেই ভোটকেন্দ্রে এসে ধানের শীষে ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং সব সময় থাকব।”
জনসভায় তিনি পিরোজপুর-১ আসনের সার্বিক উন্নয়নে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আমি এমপি নির্বাচিত হলে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে, পিরোজপুরে ১৮০ দিনের মধ্যে একটি অর্থনৈতিক জোন স্থাপন করা হবে।”
তিনি আরও জানান, পিরোজপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। পাশাপাশি নাজিরপুর উপজেলার দীর্ঘদিন ধরে ফেলে রাখা উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ইন্দুরকানী উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তিনি।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভা শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনের সমর্থনে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
https://slotbet.online/