আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহ শহরের গুরুত্বপূর্ণ সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ঝিনাইদহ পৌরসভা। সোমবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, সার্ভেয়ার মোঃ সোহেল রানা এবং ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রশাসন সূত্র জানায়, অভিযানে কোনো দোকান উচ্ছেদ করা হয়নি। সড়কের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে, যাতে যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ থাকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীজীব কুন্ডু জানান, সড়ক দখলমুক্ত রাখতে মোবাইল কোর্টের অভিযান চলমান রয়েছে। অভিযানে ০৫টি মামলায় মোট ৪ হাজার ৯শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে পরবর্তীতেও মামলা ও জরিমানার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
https://slotbet.online/