মুসলিম হক বিরল( দিনাজপুর ) চটের বস্তায় শুরু, স্বপ্নের ঠিকানা ‘সঞ্জীবন পাঠশালা মানবিক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ আনসার কমান্ডার কমল সরকারকে পুরস্কৃত করলেন মহাপরিচালক।
বড় স্বপ্ন বাস্তবায়নে সব সময় বিপুল অর্থ-সম্পদের প্রয়োজন হয় না; প্রয়োজন হয় একটি উদার হৃদয়, মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। নিজের সীমিত সামর্থ্য নিয়েই তিনি হয়ে উঠেছেন ৩৫ থেকে ৪০ জন সাঁওতাল ও হতদরিদ্র শিশুর শিক্ষার স্বপ্ন পূরণের নির্ভরযোগ্য আশ্রয়।
২০২৩ সালে স্ত্রী লতা রানী সরকারকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে যাত্রা শুরু করেন ‘কমল দাদার পাঠশালা’র। নিজের সামান্য ভাতার অর্থ থেকে শিশুদের জন্য বই, খাতা ও নাশতার ব্যবস্থা করেন তিনি। প্রতিদিন বিকেল হলেই শুরু হয় পাঠশালার কার্যক্রম। আর্থিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাঁর এই নিরলস প্রচেষ্টা আজ সুবিধাবঞ্চিত শিশুদের মনে শিক্ষার আলো জ্বালাচ্ছে।
কমলচন্দ্র সরকারের এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগ দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। বিষয়টি জানার পর বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গত ১৩ নভেম্বর দিনাজপুরের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান পাঠশালাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি জানান, বাহিনীর উদ্যোগে সেখানে সোলার প্যানেলসহ একটি স্থায়ী ও সুপরিসর ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণ করা হবে।
এই উদ্যোগের ধারাবাহিকতায় আজ ১৬ নভেম্বর সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ নিজ দপ্তরে কমলচন্দ্র সরকারকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি তাঁর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, পাঠশালার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং ‘সঞ্জীবন পাঠশালা’র জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ক্রয়ে তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর পরিচালক (মনিটরিং) জনাব মোহাম্মদ মোস্তাক আহমদ।
সাঁওতাল ও হতদরিদ্র শিশুদের কাছে প্রিয় ‘কমল দাদা’র এই মানবিক প্রয়াস কেবল একটি পাঠশালা প্রতিষ্ঠার গল্প নয়; এটি দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে, সমাজ পরিবর্তনের জন্য সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না; একজন মানুষের আন্তরিক প্রচেষ্টাও বদলে দিতে পারে অনেক শিশুর ভবিষ্যৎ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কমলচন্দ্র সরকারের এই উদ্যোগ সেই মানবিক অঙ্গীকারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষ্যে মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনিয়ন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকারকে ‘প্রেসিডেন্ট আনসার (সেবা)’ পদকে ভূষিত করা হয়।
https://slotbet.online/