মো. শামীম হোসাইন : প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন পিরোজপুরের উপকূলীয় এলাকার মানুষ। ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ ওই ঘূর্ণিঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় জেলার বিস্তীর্ণ জনপদ। প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। বিধ্বস্ত হয় হাজার হাজার ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা। সিডরের সেই ভয়াল রাতের ১৯ বছর পেরিয়ে গেলেও নদীতীরবর্তী অনেক এলাকায় এখনো সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ। নির্মিত হয়নি প্রয়োজনীয় টেকসই বাঁধ। ফলে প্রতিবছর জোয়ার, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর তীরবর্তী লক্ষাধিক মানুষ।
২০০৭ সালের ১৫ নভেম্বর বৃহস্পতিবার। সারাদিন বৃষ্টির পর রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বাতাসের তীব্রতা। রাত ২টার দিকে শুরু হয় ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ তাণ্ডব। উত্তাল নদীর পানি ও প্রলয়ঙ্করী বাতাসে মুহূর্তেই তছনছ হয়ে যায় উপকূলীয় জনপদ। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানি উপচে এবং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি, গবাদিপশু, ফসলি জমি ও মানুষের স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায় সিডরের ভয়াল জলোচ্ছ্বাস।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া, মাঝের চর, ভান্ডারিয়া, জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার কঁচা নদীতীরবর্তী জনপদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে জেলার সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল। এ ছাড়া জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম জিয়ানগর উপজেলার চন্ডিপুর ও বালিপাড়া ইউনিয়ন। সিডরের সেই ভয়াল দিনে এ এলাকায় প্রাণ হারান ৫৭ জন। বলেশ্বর নদীতীরবর্তী ঢেপশাবুনিয়া গ্রামের শিশু রাব্বিও ঘরের নিচে চাপা পড়ে প্রাণ হারায়। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর সেই শোক ভুলতে পারেননি তার মা হনুফা বেগম। সিডরের স্মৃতি মনে পড়লে এখনো কান্নায় ভেঙে পড়েন তিনি।
হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
শুধু হনুফা বেগম নন, জিয়ানগর, মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও পিরোজপুর সদর উপজেলার নদীতীরবর্তী মানুষের জীবনেও সিডরের ক্ষত এখনো স্পষ্ট। নদীভাঙনে বসতভিটা হারিয়ে অনেকে অন্যত্র চলে গেছেন। যারা এখনো নদীর তীরে বসবাস করছেন, তাঁদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে জোয়ারের পানি ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি।
চন্ডিপুর ইউনিয়নের কঁচা নদীতীরবর্তী বাসিন্দা আলম বলেন, ‘সাত সালের বন্যায় আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গেছে। সিডরে আমাগো ঘর ভাইঙ্গা পড়ছে। ঘরের নিচে আমি চাপা পড়ছিলাম। রাত ২টার দিকে অনেক বাতাস শুরু হইছে। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হইয়া গেছে। নদীর পানি অনেক উঁচায় উইঠা গেছে। নদীর বাঁধভাঙা পানিতে সব ঘরবাড়ি তলাইয়া গেছে। আজ পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার হয় নাই।’
একই এলাকার বাসিন্দা মুনসুর বলেন, ‘সিডরের পরে আরও অনেক বন্যা হইছে, কিন্তু টেকসই কোনো বাঁধ দেওয়া হয় নাই। এর জন্য প্রতিবছর ঘূর্ণিঝড় হইলেই আমাগো ঘরবাড়ি, চুলা সবকিছু তলাইয়া যায়। আমরা নদীপাড়ে বাস করি। আমাগো যদি ভালো বেড়িবাঁধ না থাকে, তাহলে তো দুর্ভোগ কমবে না।’
পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের নদীতীরবর্তী মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘আমাগো দুঃখের শেষ নাই। এত পরিমাণ নদীভাঙন, কিন্তু সরকার দেখে না। মাইয়া-পোলা ঠিকমতো স্কুল-মাদ্রাসায় যাইতে পারে না। এ বছর মনে হয় মসজিদটাও আর থাকবে না, নদীতে চলে যাবে। আমাদের এলাকায় ভালো একটা সাইক্লোন সেন্টারও নাই, যে বন্যা হইলে সেইখানে যাইয়া থাকমু। সরকারের কাছে দাবি জানাই, আমাগো একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ কইরা দেওয়া হোক।’
নদীভাঙনে শুধু বসতভিটাই হারাচ্ছেন না, জীবিকার অবলম্বনও হারাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলে সবুজ বলেন, ‘আমাগো এলাকায় আগে অনেক মানুষ থাকত, কিন্তু এখন থাকে না। থাকবে কেমনে? জায়গাজমি যতটুকু ছিল, সব নদীতে চইলা গেছে। সিডরের সময় আমাগো ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। জোয়ার হইলে পানিতে সব তলাইয়া যায়। বন্যার সময় আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। নদীভাঙন যেভাবে হইতাছে, তাতে আর থাকা যাইবে না। মাইয়া-পোলা লইয়া অন্যখানে চইলা যাইতে হবে।’
স্থানীয়দের অভিযোগ, সিডরের পর বিভিন্ন সময় বাঁধ সংস্কারের আশ্বাস দেওয়া হলেও অনেক ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমে জোয়ারের পানি ঢুকে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি প্লাবিত হচ্ছে। একের পর এক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব জনপদের মানুষের কাছে এখন সবচেয়ে বড় দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুরে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছিল। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং সিডর-পরবর্তী সময়ে নগদ অর্থ বিতরণ করেছেন। বিভিন্ন সংস্থাও দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে জেলার অনেক বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর মধ্যে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছে, যা এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। তিনি আরও বলেন, সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর ওপর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সিডরের পর থেকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগাম সতর্কতার জন্য জেলায় একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে। এসব আশ্রয়কেন্দ্র সব সময় চালু থাকে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এ ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত করা হয়েছে। যেগুলো বাদ পড়েছে, সেগুলো দ্রুত মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে।
সিডরের পর পিরোজপুরে ফণী, আইলা, আম্ফানসহ একাধিক প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। প্রতিটি দুর্যোগের পর নতুন করে ক্ষতির মুখে পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষ। কিন্তু দীর্ঘ সময়েও অনেক ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ সম্পন্ন হয়নি। ফলে ১৯ বছর পরও সিডরের ভয়াবহ স্মৃতি আর নতুন দুর্যোগের আশঙ্কা নিয়ে দিন কাটছে উপকূলের মানুষের। তাঁদের দাবি, আশ্বাস নয়, দ্রুত ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার ও নদীতীরবর্তী এলাকায় পরিকল্পিত টেকসই বাঁধ নির্মাণ করে নিরাপদ বসবাসের ব্যবস্থা নিশ্চিত করা হোক।
https://slotbet.online/