বাগেরহাটের শরণখোলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় শরণখোলা উপজেলার পাঁচ রাস্তার মোড় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “বিএনপি পরিবার আমাকে মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছে। আগামী একটি মাস আপনারা আমার জন্য পরিশ্রম করুন, আমি কথা দিচ্ছি আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব।” তিনি দলমত নির্বিশেষে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বেগম খালেদা জিয়ার জান্নাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মতিয়ার রহমান, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবুল ও মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মেহেদী হাসান, মোল্লা ইসাহাক আলী, ফরিদুল ইসলাম, তালুকদার মধু, মহিউদ্দিন বাদল, অধ্যাপক শামীম আহমেদ বাদল, শহিদুল আলম লিটন ও ডাক্তার হুমায়ূন কবির প্রমুখ।
মিলাদ মাহফিলের পূর্বে প্রধান অতিথি সোমনাথ দে শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের অকালপ্রয়াত একমাত্র পুত্রের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
https://slotbet.online/