যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একেক দলের একেক মতাদর্শ ও রাজনৈতিক অবস্থান থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। সবার সামনে প্রধান বিষয় হওয়া উচিত বাংলাদেশ।
তিনি বলেন, ‘জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগ যদি ব্যর্থ হয়, তবে তা হবে দেশের সঙ্গে বেঈমানি। আমাদের পাশের দেশ ভারতের মতো একটি বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্রই হোক, আমরা ঐক্যবদ্ধভাবে নতুন এক বাংলাদেশ গড়বোই, ইনশাআল্লাহ।’
জামায়াত মনোনীত এই প্রার্থী আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশকে অস্থিরতার মধ্যে রাখা হয়েছে। তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের ঘরে পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেওয়া হবে না। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের এ দেশে কোনো ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের সোনার বাংলাদেশ।’
লক্ষ্য অর্জনে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
সমাবেশে নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. শামিম আহমেদ ও ওবায়দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
https://slotbet.online/