দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আমিনুল ইসলাম সাব্বির (১৭) হত্যা মামলায় দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীমকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে শামীম কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মাহাবুবুর রহমান তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
আদালত সুত্রে জানা যায়, সাবেক পৌর মেয়র শামীম এ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি তিনি উচ্চ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাকে দায়রা জজ আদালতে হাজির হতে নির্দেশনা দেয়া হয়।
গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর উল্লসিত জনতা দেবিদ্বার থানা ঘেরাওকালে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হন। ঢাকার একটি হাসপাতালে এক মাসেরও বেশি সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর গত ১৪ সেপ্টেম্বর সাব্বির মারা যান। এর আগে ৮ সেপ্টেম্বর তার মামা নাজমুল হাসান বাদী হয়ে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদ, রাজী মোহাম্মদ ফখরুল ও পৌর মেয়র শামীমসহ ৯৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
দেবিদ্বার থানার ওসি শামস্ উদ্দিন মুহাম্মদ ইলিয়াস বলেন, এ হত্যা মামলায় এ পর্যন্ত ৩১ জন গ্রেপ্তার হয়েছেন।
https://slotbet.online/