ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আজ (মঙ্গলবার) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি।
সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, শ্রম অভিবাসন ছাড়াও বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাংলাদেশি ড্রাইভারদের লাইসেন্স ইস্যু অথবা রূপান্তরের প্রক্রিয়া ৩ মাস থেকে কমিয়ে আনতে এবং বাংলাদেশি কর্মীদের বর্তমান মেয়াদ শেষে ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে যেন বাংলাদেশে ফিরে আসতে না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে বিশেষ অনুরোধ জানানো হয়। এছাড়া কূটনৈতিক চ্যানেলে প্রেরণকৃত সমঝোতা স্মারক (MoU) দ্রুত স্বাক্ষরের উদ্যোগ গ্রহণের জন্য ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং আমাদের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সাথে কাজ করছেন। ফিজিতেও বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা অত্যন্ত ভালো করবেন বলে তিনি উল্লেখ করেন।
ফিজিতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে মন্ত্রী তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, ফিজিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদান যাতে আগ্রহী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা যায়। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল এর মাধ্যমে কর্মী প্রেরণের পাশাপাশি চাহিদা নির্ধারণ ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে উভয় দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি। তৃতীয়ত, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় চালু রাখা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান এবং তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার তার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে। ফলে উচ্চশিক্ষা শেষে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় ফিজির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আবহাওয়া এবং সংস্কৃতি একই রকম হওয়ায় বাংলাদেশের কর্মীদের জন্য ভালো সুযোগ হতে পারে। তিনি বাংলাদেশ সরকারের উত্থাপিত অনুরোধ ও প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন এবং চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী ফিজিতে গিয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দেন।
সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
https://slotbet.online/