মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) নানীকে একনজর দেখতে সুদূর সিলেট থেকে ছুটে এসেছিলেন আরমান হোসেন (২৪)। কিন্তু নানীর কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর বাসস্ট্যান্ডসংলগ্ন রাসেল ব্রিকসের কাছে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে নানীর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাতে ট্রেনে সিলেট থেকে কুমিল্লায় আসেন আরমান। পরে ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন তিনি। পথে চরবাকর এলাকায় পৌঁছালে কুমিল্লামুখী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন।
নিহত আরমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
নাতির মৃত্যুর খবরে ভেঙে পড়েন তাঁর সত্তরোর্ধ্ব নানী রাবেয়া খাতুন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার কেউ ছিল না, এই নাতিটাই ছিল আমার শেষ ভরসা। সুযোগ পেলেই আমার খোঁজ নিতে ছুটে আসত, ডাক্তারের কাছে নিয়ে যেত। আজ আমার সব শেষ হয়ে গেল, এখন আমাকে দেখার মতো আর কেউ রইল না।”
এদিকে দুর্ঘটনার পর সড়কে মরদেহ পড়ে থাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে দেবিদ্বার থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আরমানের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/