ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় জেলা প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর ও হাইওয়ে পুলিশ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার অতনু সাহা ও মো. আল-আমিন, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মো. আহসান উল কবীর, হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম সবুজ হোসাইন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলী ও সড়ক বিভাগের সার্ভেয়ার মো. সোহেল রানা।
এই সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৮টি মামলায় জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরিবেশ আইনে আরও ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। মোট ২৮টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ২৩,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পৃথকভাবে আরও ৫টি মামলায় ২৫,৫০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাইড্রোলিক হর্ন অপসারণ ও যানবাহনে নিয়ম ভঙ্গের কারণে জরিমানা আদায় করা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবীর জানান, অবৈধ দখলদার উচ্ছেদ ও অননুমোদিত যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইন প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এই অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/