• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে এডিপি’র অর্থায়নে বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উপকরণ ও সরিষা ফসলের কৃষি প্রণোদনা বিতরণ শেখ হাসিনা ফিরতে চাইলে ভারত তাকে হস্তান্তর করুক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে নিহত ৩, আহত ১ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৈতৃক জমি দখলের অভিযোগ-উত্তেজনা ও রক্তক্ষয়ের শঙ্কা হলিধানী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির গেটের সামনে আতসবাজি বিস্ফোরণ ডিম, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার, ফার্মেসী, বেকারী এবং হোটেল-রেস্তোরাঁয় দেশব্যাপী অভিযান ৩১ জেলায় ৮০ টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার টাকা জরিমানা অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুপারির পাওনা টাকা নিয়ে বিরোধ, হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বিরলে চেয়ারম্যান পদপ্রার্থী মমিনুর রহমান (মনু) দোয়া ও সমর্থন কামনা জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু করল ডিএসসিসি

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

মো: দেলোয়ার হোসেন : / ২৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকা, ০৭ অক্টোবর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের ভুঁইয়া, এমপি, বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মোঃ ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) এবং মোঃ আতাউর রহমান অংশগ্রহণ করেন। কমিটির সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের পরিচিতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতাকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং তাদের ক্রীড়া ও কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা এবং সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যাতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য কমিটি সুপারিশ করে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ এবং সারা দেশে পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবগণ, বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানগণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/