মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ আঃ জসিম উদ্দিন। সম্প্রতি সেই জসিম উদ্দিনের দলীয় সদস্য পদ স্থগিত করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা গণঅধিকার পরিষদের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের বিরুদ্ধে ‘গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। তবে নোটিশে এসব অভিযোগের সুনির্দিষ্ট বা বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে তাঁর লিখিত বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে সতর্ক করে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল না করলে বা প্রদত্ত জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
এ বিষয়ে জসিম উদ্দিনের বক্তব্য জানতে তাঁর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীকে প্রার্থী হয়েছিলেন জসিম উদ্দিন। বিএনপির সমর্থন নিয়ে তিনি ওই নির্বাচনে মোট ৪৯,৮৮৫ ভোট পেয়েছিলেন।
https://slotbet.online/