আবু বক্কর সিদ্দিক স্বপন: সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে থমকে গিয়েছিল ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়ায় গ্রামের শিহাবের জীবন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় উন্নত চিকিৎসা কিংবা কৃত্রিম পা লাগানোর মতো সামর্থ্য ছিল না তার পরিবারের। একটি দুর্ঘটনা যেন কেড়ে নিয়েছিল তার স্বাভাবিক জীবনে ফেরার সব স্বপ্ন। শিহাবের বন্ধুরা মাঠে খেলাধুলা করতো, মাঠের এক কোনায় বসে থাকতো আর ভাবতো, ফিরে পাবো কি আর এই দিন। পারব কি আবার সব বন্ধুদের সাথে খেলাধুলা করতে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শিহাবের অসহায়ত্বের কথা ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহের অন্যতম সামাজিক সংগঠন মানব কল্যাণ সংঘ।
স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে শিহাবের বিষয়টি তুলে ধরলে তা সংগঠনের সভাপতি সজিব হোসেনের নজরে আসে। বিষয়টি জানার পর সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে শিহাবের জন্য কী করা যায়, তা নিয়ে আলোচনা করেন। পরে সবার সম্মতিতে শিহাবকে একটি কৃত্রিম পা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শের পর শিহাব ও তার পরিবারের সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শিহাবের হাতে তুলে দেওয়া হয় একটি কৃত্রিম পা। দীর্ঘদিন পর নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়ে শিহাব ও তার পরিবারের মাঝে ফিরে আসে আশার আলো।
শিহাবের মা-বাবা জানান, ছেলের দুর্ঘটনার পর থেকেই তারা অসহায় হয়ে পড়েছিলেন। কৃত্রিম পা দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না। মানব কল্যাণ সংঘের সদস্যরা পাশে দাঁড়ানোয় তারা নতুন করে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখার সাহস পেয়েছেন। এ জন্য সংগঠনের প্রত্যেক সদস্যের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মানব কল্যাণ সংঘের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে গত শুক্রবার সাধুহাটি ইউনিয়ন পরিষদের সামনে এক আলোচনা সভার আয়োজন করেন স্থানীয় গ্রামবাসী। এতে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংঘের সভাপতি সজিব হোসেন, বাঘাডাঙ্গা প্রাকৃতিক সৌন্দর্য গ্রুপের সভাপতি আনিসুর রহমানসহ মানব কল্যাণ সংঘের সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবিকতার সবচেয়ে বড় পরিচয়। শিহাবের মতো একজন অসহায় মানুষের জীবনে একটু স্বস্তি ফিরিয়ে দিতে পারা শুধু একটি সাহায্য নয়, বরং তার নতুন করে বাঁচার স্বপ্নকে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ।
শিহাবের পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানব কল্যাণ সংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
https://slotbet.online/