আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহে পেট্রোলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে যুবক নিরবকে পিটিয়ে হত্যার ঘটনার জেরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রতিবাদে গভীর রাতে বিক্ষুব্ধ লোকজন পাম্প মালিকের একাধিক স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
নিহত নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির একজন কর্মী ছিলেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ১টার পর বিক্ষুব্ধ জনতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এ সময় তাজ ফিলিং স্টেশন, সৃজনী ফিলিং স্টেশন, ইউনিলিভার ডিপো এবং তার ব্যক্তিগত বাসভবনে ভাঙচুর করা হয়। পাশাপাশি শহরের বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এর আগে সদর উপজেলার পোর এলাকায় অবস্থিত তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিরব নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলেন— পোড়াহাটি ইউনিয়নের বাড়ইখালি গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম হোসেন, আড়ুয়াকান্দি গ্রামের ইনুস আলীর ছেলে রমিজুল ইসলাম এবং সুরাট ইউনিয়নের কাষ্টোসাগরা গ্রামের সুফিয়ারের ছেলে দাউদ হোসেন।
ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির ঝিনাইদহ জেলা শাখার মুখপাত্র মীর রাকিব জানান, বৈষম্যের প্রতিবাদ করায় তাদের এক সহযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার বাদ যোহর শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিহত নিরবের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করা হবে।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, যুবক হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/