আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় একটি পরিবারের নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্যের পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগে পৈত্রিক সূত্রে পাওয়া ৪৭ শতক জমির মালিক ছিলেন মৃত শেখ মোহাম্মদ সিদ্দিক। তার মৃত্যুর পর জমিটি উত্তরাধিকার সূত্রে পরিবারের সদস্যদের নামে আসে। দীর্ঘদিন আর্থিক সংকটের কারণে জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি পরিবারের সদস্যরা সেখানে কয়েকটি দোকানঘর নির্মাণের উদ্যোগ নিলে বাধা দেয় স্থানীয় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা।
পরিবারটির দাবি, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং সম্প্রতি আদালত থেকে তাদের পক্ষে রায় পান। সেই রায়ের ভিত্তিতে তারা জমিতে দোকানঘর নির্মাণ শুরু করেন। কিন্তু বৃহস্পতিবার ভোররাতে শামীম আরার দেবরসহ কয়েকজন লোক এসে নির্মাণাধীন দোকানগুলো ভেঙে ফেলে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী রহিমা খাতুন বলেন, “আমার বাবা মারা যাওয়ার পর আমাদের আর্থিক সামর্থ্য না থাকায় এতদিন জমিটিতে কিছুই করতে পারিনি। এখন দোকানঘর করতে গেলে বলা হচ্ছে জমি নাকি তাদের। আমরা তো কারও কাছে জমি বিক্রি করিনি বা দানও করিনি।”
আরেক ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের ক্ষমতার সময় তারা জাল দলিল করে আমাদের জমি দখল করার চেষ্টা করেছে। আমরা আদালত থেকে রায় পাওয়ার পর দোকান নির্মাণ শুরু করি। কিন্তু হঠাৎ করে এসে ঘরগুলো ভেঙে দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা। তিনি বলেন, “আমরা ঘর ভেঙেছি-এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা কেন এসব করতে যাব? ওই জমি আমাদের মালিকানাধীন।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
https://slotbet.online/