মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘শুদ্ধ শব্দের অভিযান, ভাষা হবে বেগবান’ স্লোগানে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘শুদ্ধ শব্দ উৎসব’।
উৎসবে রক্তে অর্জিত মাতৃভাষার শুদ্ধ বানান ও সঠিক উচ্চারণ চর্চার অঙ্গীকার তুলে ধরা হয়। প্লে-কার্ডে প্রদর্শিত বার্তাগুলোর মধ্যে ছিল—বাংলা আমাদের গর্বের মাতৃভাষা; ভাষা ব্যবহারে অশুদ্ধ, বিকৃত ও বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহার পরিহার করতে হবে; ভাষার শুদ্ধ ব্যবহারই সালাম, রফিকসহ ভাষা শহিদদের প্রতি যথার্থ সম্মান।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, “ভাষার শুদ্ধতার মধ্য দিয়েই আমরা শহিদদের স্মরণ করছি। শুদ্ধ উচ্চারণ, বানান ও প্রয়োগ অত্যন্ত জরুরি। স্বজনরা যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ কর্মসূচি বাস্তবায়নে আমাদের সহযোগিতা থাকবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদত হোসেন বলেন, “শুদ্ধ শব্দ উৎসবের মর্মকথা শিক্ষার্থীদের উপলব্ধি করা জরুরি। ভাষার শুদ্ধতা চর্চায় তাদের সম্পৃক্ততা অপরিহার্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। এসময় আরও বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীনসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
উৎসবে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা— গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, বীরঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল, মিরিকপুর মডেল হাইস্কুল, কবুলেন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়।
উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীদের মাঝে আগামী ২১ ফেব্রুয়ারি পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
https://slotbet.online/