আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- গণভোটে ‘না’ ভোট দেওয়া মানে জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম। সেই সংগ্রামের ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আসন্ন গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে জনগণ সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেই সমর্থন জানাবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। কারণ গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত প্রকাশ পায়, যা গণতন্ত্রের অন্যতম শক্ত ভিত্তি। যারা গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে, তারা মূলত গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইছে।
মতবিনিময় সভায় গণভোটের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি সবাইকে গণভোটে অংশগ্রহণ করে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এর মাধ্যমেই একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
https://slotbet.online/