ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড অফিস এখন জেলার অসহায় মানুষের জন্য দ্রুত ও সুলভ আইনি সেবার নতুন ঠিকানা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. মজনু মিয়ার নেতৃত্বে কার্যক্রমে গতি এনেছে।

জানাগেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এই অফিস ৫২২ জন মানুষকে বিনামূল্যে বিচারিক সহায়তা দিয়েছে। দায়ের হওয়া ৫৭৮টি অভিযোগের মধ্যে ৪৪০টিই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সমঝোতার মাধ্যমে ভুক্তভোগীদের হাতে প্রায় ৫৪ লাখ টাকা ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হয়েছে।
লিগ্যাল এইড এখন জেলার ৫টি উপজেলা ও ৫৪টি ইউনিয়ন পর্যন্ত তাদের সচেতনতামূলক কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। এই প্রচেষ্টার ফলে মামলাজট কমছে এবং আইনি ব্যয় ও দীর্ঘসূত্রতা দূর হওয়ায় আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে।
জেলা লিগ্যাল এইড অফিসার মো. মজনু মিয়া বলেন, আর্থিক কারণে মামলা চালাতে অক্ষমদের সরকারি খরচে আইনজীবী নিযুক্ত করা হয় এবং জমি-সংক্রান্ত বা পারিবারিক বিরোধসহ আপসযোগ্য মামলাগুলো আপসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।
https://slotbet.online/