গাজীপুরের শ্রীপুর উপজেলায় জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক মোঃ মোমেন আকন্দকে ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক মোমেন আকন্দের ভাই তাহমিদ আকন্দের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করা হয়। কলের অপর প্রান্ত থেকে হুমকিদাতা ভয়ভীতি প্রদর্শন করে বলেন—
“তোর ভাইকে জানিয়ে দিবি, তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হত্যা করে ফেলব।”
এ সময় হুমকিদাতা অশালীন ভাষা ব্যবহার করতে থাকে এবং সাংবাদিক মোমেন আকন্দকে না পেলে তার ভাই তাহমিদ আকন্দকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনার পর থেকে সাংবাদিক মোমেন আকন্দ ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অজ্ঞাতনামা এই হুমকি যে কোনো সময় বাস্তবে রূপ নিতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে তিনি অবিলম্বে আইনগত সুরক্ষা কামনা করেন।
সাংবাদিক মোঃ মোমেন আকন্দ পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সমাজবিরোধী কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গণমাধ্যমে তুলে ধরে সংবাদ প্রকাশ করে আসছেন। এসব সংবাদের কারণে ক্ষুব্ধ কোনো স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে ভয় দেখিয়ে তার কণ্ঠ রোধের অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি মনে করেন।
ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন ও স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি। বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী এ ধরনের হুমকি শুধু একজন সাংবাদিক নয়, বরং সাধারণ মানুষের সত্য জানার অধিকারকে বাধাগ্রস্ত করে।
ভুক্তভোগী সাংবাদিক থানার প্রতি আবেদন জানিয়ে বলেন, হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তার ও তার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
শ্রীপুর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের আওতায় রয়েছে।
সচেতন মহল ও সাংবাদিক সমাজ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
https://slotbet.online/