পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকার কালামিয়ার ভারণী থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন—সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।
অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার জেলেরা টিয়ারচরের কালামিয়ার ভারণী এলাকায় মাছ ধরছিলেন। এসময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সশস্ত্র অবস্থায় নৌকায় চড়াও হয়ে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় দস্যুরা যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “সুন্দরবনে বর্তমানে দস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় জেলেরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেক সময় বিকাশের মাধ্যমে আগাম চাঁদা দিয়ে মাছ ধরতে হয়, না দিলে অপহরণ করা হচ্ছে।” তিনি আরও জানান, গত মাসেও তার চার জেলেকে অপহরণ করা হয়েছিল এবং দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনতে হয়েছে। দস্যু দমনে তিনি র্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান দাবি করেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) আ. সবুর এবং শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://slotbet.online/