সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নীলবাড়ীয়া বনাঞ্চলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়। এসময় জেলেদের কাছ থেকে তিনটি নৌকা এবং কাঁকড়া ধরার অর্ধশতাধিক বিশেষ ফাঁদ (চারু) জব্দ করা হয়েছে।
আটক জেলেরা হলেন— বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাটাখালী গ্রামের মো. জুলমাত খান (৪৫) ও হালিম খান (৫০)।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনে বর্তমানে কাঁকড়া আহরণে দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সুন্দরবন পূর্ব বন বিভাগের জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায়ের নেতৃত্বে বনরক্ষীরা নীলবাড়ীয়া বনাঞ্চলের বালির খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় জেলেরা অবৈধভাবে কাঁকড়া শিকাররত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন।
এ বিষয়ে বন বিভাগ জানায়, সরকারি আদেশ অমান্য করে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ ও অবৈধভাবে সম্পদ আহরণের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। বনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নিষেধাজ্ঞা চলাকালীন এ ধরনের অবৈধ তৎপরতা বন্ধে বনরক্ষীদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
https://slotbet.online/